১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১২:২৩ পূর্বাহ্ন


জ্বালানি নিয়ে আশার কথা শোনালেন প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৭:৩৪:১৮
জ্বালানি নিয়ে আশার কথা শোনালেন প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত


ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্থির বাজারে বাংলাদেশও কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হলে দেশে স্বস্তি ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১১ এপ্রিল) যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট সত্ত্বেও সরকার জনগণের ভোগান্তি কমাতে নিরলস কাজ করছে। বিশেষ করে চলতি ইরি মৌসুমে কৃষকদের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে বিপিসি ও জেলা প্রশাসনকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর প্রসঙ্গে তিনি জানান, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী যশোরে আসবেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেবেন। প্রতিমন্ত্রীর মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যশোরের থমকে যাওয়া উন্নয়নের চাকা আবারও সচল হবে।