সারা দেশে চাঁদাবাজদের একটি ‘নিরপেক্ষ’ তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১১ এপ্রিল) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি শুরু করেছে। পরিবহন খাত, মহাসড়ক এবং বাজারভিত্তিক চাঁদাবাজিসহ সব ধরনের চাঁদাবাজকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ভুক্তভোগীরা অনেক সময় ভয়ে অভিযোগ না করলেও র্যাব নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ‘আনবায়াসড’ তালিকা প্রস্তুত করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকা সম্পন্ন হওয়ার পর দ্রুতই সাঁড়াশি অভিযান শুরু হবে। বর্তমানে র্যাব সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং অপরাধীদের দমনে কোনো ধরনের বেআইনি চাপ নেই বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। এছাড়া চট্টগ্রামে ইয়াবা চালানের মূল হোতাদের ধরতে এবং সম্প্রতি একটি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগেও ছায়া তদন্ত চালাচ্ছে র্যাব।