১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:৩৬ পূর্বাহ্ন


চলছে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৩:৪৬:৪৯
চলছে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ছবি: সংগৃহীত


বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে প্রথম আড়াই ঘণ্টায় ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

জেলা নির্বাচন অফিসের প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.০২৩ শতাংশ। এই সময়ের মধ্যে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৬২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, সকালের দিকে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি একই সাথে ঢাকা-১৭ আসনেও জয়ী হওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। তার শূন্য করে দেওয়া এই আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীদের মধ্যে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।