১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৮:১৮:০০ অপরাহ্ন


এপ্রিলের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৯:২৭:০০
এপ্রিলের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার ছবি: সংগৃহীত


দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিয়ে চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই প্রবাস আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, গত বছরের এপ্রিলের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭০৩ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। সেই ধারাবাহিকতা এপ্রিলের শুরুতেও বজায় থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার ফলে প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে।