১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:২০ অপরাহ্ন


২ লাখ প্রাথমিক শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: সংসদে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৪:৫১:০৩
২ লাখ প্রাথমিক শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: সংসদে প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের একাদশ দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের বিশদ রূপরেখা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই বিশাল লক্ষ্য অর্জনে ইতোমধ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চলতি অর্থবছরেই ২ লাখ সরকারি প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের সব উপজেলায় সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল চালুর পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার।

নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে দেশের প্রাথমিক ও মাধ্যমিকসহ সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বৈষম্য দূর করতে ১,৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, সাধারণ শিক্ষার পাশাপাশি এখন থেকে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এই লক্ষ্যে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হবে। এছাড়া মাদ্রাসায় স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে এই ধারাকে আরও যুগোপযোগী করার আশ্বাস দেন তিনি।