১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:৫৭ অপরাহ্ন


যে কারণে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হল আজহারী এবং শায়খ আহমাদুল্লাহর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৫:৫৭:৪২
যে কারণে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হল আজহারী এবং শায়খ আহমাদুল্লাহর ছবি: সংগৃহীত


মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সোমবার (৬ এপ্রিল) অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, সিডনিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও বিতর্কের মুখে শায়খ আহমাদুল্লাহ আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তার পুরনো কিছু ভিডিওতে ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এই পদক্ষেপ নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এর ফলে ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে তার পূর্বনির্ধারিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানিয়েছেন, যারা ঘৃণা বা বিদ্বেষ ছড়ায়, তাদের প্রতি অস্ট্রেলিয়ার কোনো সহনশীলতা নেই। এর আগে গত ২ এপ্রিল একই অভিযোগে ড. মিজানুর রহমান আজহারীকেও সফরের মাঝপথে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজহারীর বিরুদ্ধে হিটলার ও ইহুদিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ছিল।

এই দুই জনপ্রিয় ইসলামিক বক্তাকে ভিসা দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতারা সরকারের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে, অস্ট্রেলিয়ার মূল্যবোধের পরিপন্থী বক্তব্য প্রচারকারীদের শুরুতেই প্রবেশাধিকার দেওয়া উচিত ছিল না। দুই বক্তার আয়োজক সংস্থা ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল’ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।