১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪০:০৩ অপরাহ্ন


বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট যাবে আইসিসিতে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৫:০২:০৫
বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট যাবে আইসিসিতে ছবি: সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিগত নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই রিপোর্ট জমা দেওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রতিবেদনের বিস্তারিত আইসিসিকে জানানোর পরই বিসিবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদন পাওয়ার পরপরই এক জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তদন্ত কমিটি সকালে প্রতিবেদন জমা দিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এটি নিয়ে আলোচনা করেছি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এই তদন্তের বিষয়ে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।"

সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এই কমিটি গত ১১ মার্চ কাজ শুরু করেছিল। ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের আগেই তদন্ত শেষ করেছে। তদন্ত চলাকালীন কমিটি সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বললেও তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের ডাকে সাড়া দেননি। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আসিফ মাহমুদের অনুপস্থিতির বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে এবং এটিসহ পুরো বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মূলত বিসিবির নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু ছিল কি না, তা খতিয়ে দেখাই ছিল এই কমিটির মূল দায়িত্ব। এখন আইসিসির পক্ষ থেকে সবুজ সংকেত বা মতামত পাওয়ার ওপরই নির্ভর করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব ও কাঠামোর পরিবর্তন।