১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৬:৫৫ পূর্বাহ্ন


সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণে ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৮:২৯:১৪
সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণে ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি ছবি: সংগৃহীত


যান্ত্রিক বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়ল জাতীয় সংসদের কার্যক্রম। সাউন্ড সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এই ঘোষণা দেন।

সংসদীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম কার্যদিবসটি আজ বিকেল সাড়ে ৩টায় শুরু হয়। তবে অধিবেশনের শুরু থেকেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক গোলযোগ পরিলক্ষিত হচ্ছিল। স্পিকারের মাইক এবং সংসদ সদস্যদের আসনের মাইক্রোফোনে সমস্যার কারণে কেউ কারো কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলেন না। এতে সংসদীয় কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

পরিস্থিতি বিবেচনায় স্পিকার সংসদ কক্ষের সাউন্ড সিস্টেম দ্রুত মেরামতের নির্দেশ দিয়ে ৫টা ৫৬ মিনিটে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেন। ত্রুটি সারিয়ে পুনরায় অধিবেশন শুরু করার লক্ষ্যেই এই বিরতি দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় নিশ্চিত করেছে। যান্ত্রিক এই গোলযোগের ফলে সংসদের গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সাময়িক বিঘ্ন ঘটল।