১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৬:২৭ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৭:৩৬:৩৯
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক তথ্য ও সংবাদ প্রচারের জন্য মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট যেকোনো তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচারের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনির্বুক্ত মুখপাত্র মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৪ সাল থেকে তিনি তৎকালীন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং পরবর্তীতে দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। রাষ্ট্রীয় সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে, অপর মুখপাত্র আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী একজন অভিজ্ঞ সাংবাদিক ও কূটনীতিক। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন ও চ্যানেল আইসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। কূটনৈতিক ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে; তিনি চারদলীয় জোট সরকারের আমলে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি তারেক রহমানের প্রেস সচিব হিসেবে কাজ করে আসছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট তথ্য প্রবাহ আরও গতিশীল ও স্বচ্ছ করতে এই দুই অভিজ্ঞ ব্যক্তিকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।