১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৭:২৫ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেললো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৬:২৭:৫৯
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেললো বাংলাদেশ ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে বড় ধরনের রদবদল ঘটেছে। দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়েছে চীন, আর দেশটিকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। মূলত চীনের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবেই বেইজিং তাদের শীর্ষ অবস্থান হারিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম। দেশটি এই সময়ে ২.৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৮৮ শতাংশ বেশি। অন্যদিকে, বাংলাদেশ ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। যদিও গত বছরের প্রথম দুই মাসের তুলনায় বাংলাদেশের রপ্তানি ৮.৫৩ শতাংশ কমেছে, তবুও চীনের বিশাল পতনের কারণে বাংলাদেশ তালিকায় এক ধাপ এগিয়েছে।

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। এক সময়ের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী এই দেশটি চলতি বছরের প্রথম দুই মাসে মাত্র ১.১৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে সক্ষম হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চীনের রপ্তানি কমেছে রেকর্ড ৫৭.৬৫ শতাংশ। এর ফলে চীন এখন তালিকার তৃতীয় অবস্থানে নেমে গেছে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, কেবল নির্দিষ্ট কিছু দেশ নয়, বরং সার্বিকভাবেই বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির পরিমাণ কমেছে। বছরের প্রথম দুই মাসে দেশটি মোট ১১.৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ১৩.৪৭ শতাংশ কম। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং মার্কিন অভ্যন্তরীণ চাহিদার পরিবর্তনের কারণেই সামগ্রিক আমদানিতে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চীনকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে উঠে আসাকে দেশের পোশাক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।