১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৬:২৭ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৫:২২:২২
প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা উপহার হিসেবে তুলে দেন। উপহার দেওয়া ছবি দুটির একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে দেখা যায়। অন্য ছবিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র)।

বৈঠককালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো এই আলোচনায় প্রাধান্য পায়।