১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:১৬:২৩ অপরাহ্ন


দেশজুড়ে দেখা দিয়েছে লোডশেডিং বাড়ার শঙ্কা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৪:৫২:৫৭
দেশজুড়ে দেখা দিয়েছে লোডশেডিং বাড়ার শঙ্কা ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকটে দেশে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, যার ফলে দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতিমধ্যে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতেও পরিবর্তন এনেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী, এপ্রিল-মে মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে, যার বিপরীতে উৎপাদন হতে পারে মাত্র ১৬ হাজার ২০০ মেগাওয়াট। বিশেষ করে গ্যাস সরবরাহ কমে গেলে উৎপাদন ব্যবস্থা আরও ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে ঢাকা শহরের তুলনায় গ্রাম এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেশি দেখা যাচ্ছে। গত শনিবারও সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও রাতে প্রায় এক হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অধিদপ্তর চলতি মাসে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় এবং তীব্র গরম অব্যাহত থাকে, তবে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যাবে, যা বর্তমান জ্বালানি সংকটের মধ্যে সরবরাহ ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলবে।