১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:৫২:২৭ অপরাহ্ন


দেশের সংবিধানকে পদদলিত করতে চাওয়া মানুষেরা একাত্তরের পরাজিত শক্তি: সমাজকল্যাণ মন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৮:২৮:১৫
দেশের সংবিধানকে পদদলিত করতে চাওয়া মানুষেরা একাত্তরের পরাজিত শক্তি: সমাজকল্যাণ মন্ত্রী ছবি: সংগৃহীত


মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা দেশের সংবিধানকে পদদলিত করতে চায়, তারা মূলত একাত্তরের পরাজিত শক্তি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা এই চক্রটি ১৯৭২ সালের সংবিধানকেও নিক্ষিপ্ত করতে চায়, কারণ এটি তাদের গাত্রদাহের কারণ।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৭২ সালের সংবিধান রক্ষা এবং ১৯৭৫, ১৯৯০ ও ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সব ত্যাগকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে। তিনি আরও উল্লেখ করেন যে, অনেকে পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করলেও সচেতন জনগণ তা সফল হতে দেয়নি। জনগণের ইচ্ছারই শেষ পর্যন্ত জয় হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের পথে দেশ এখন দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এই চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। মূলত অসহায় ও এতিম শিশুদের কল্যাণে সরকারের বরাদ্দকৃত এই অনুদান তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।