১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:০৬ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চাহিদা ব্যবসায়ীদের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৮:২৪:০১
প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চাহিদা ব্যবসায়ীদের ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বিদেশি বিনিয়োগের পথ সুগম করার দাবি জানিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে 'বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিল'-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে ব্যবসায়ীরা জ্বালানি সংকট দূর করতে নবায়নযোগ্য শক্তি ও সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর সরকারি সহায়তার ওপর জোর দেন। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিমানবন্দরসহ সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, ব্যাংক ঋণের সুদহার হ্রাস এবং এনবিআরের সংস্কারের দাবি তোলেন। মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করা এবং দ্রুত গভীর সমুদ্রবন্দর চালুর বিষয়েও তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ সহকারে ব্যবসায়ীদের প্রতিটি সমস্যার কথা নোট করেন এবং সরাসরি তাদের মুখ থেকে সংকটগুলো শোনেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “ইতিমধ্যেই অনেক সমস্যার সমাধান হয়েছে এবং বাকিগুলো আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।” করের বোঝা নির্দিষ্ট কয়েকজনের ওপর না চাপিয়ে করের আওতা বাড়ানোর বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ দেশের শীর্ষ ৯ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।