১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:০৩ পূর্বাহ্ন


প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৮:১৭:০০
প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় এআইআইবি-র সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমানে অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে এআইআইবি বাংলাদেশকে প্রয়োজনীয় বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে।

এছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকটি কীভাবে সহযোগিতা করবে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। জ্বালানি খাতের সংকট নিরসনে এআইআইবি-র এই ইতিবাচক সাড়া দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বস্ত অংশীদার হিসেবে এআইআইবি পাশে থাকবে বলে বৈঠকে প্রতিনিধিদলটি আশ্বস্ত করেছে।