রাজধানীর দক্ষিণখান এলাকার সৈয়দনগরে নামাজ পড়তে গিয়ে রিয়াদ নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিশুটির বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন। নিখোঁজের পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় পরিবারটি এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ রিয়াদ কুমিল্লার মুরাদনগর এলাকার ইমাম বোখারি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা আনোয়ার হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতান আহমদের ছেলে। বর্তমানে তারা সপরিবারে দক্ষিণখানের সৈয়দনগর এলাকার দিলরুবা ম্যানশনে বসবাস করছেন। আনোয়ার হোসেন জানান, গত ২৮ মার্চ সন্ধ্যার পর রিয়াদ বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলে দেখা যায়, সর্বশেষ রাত ৭টা ৫৩ মিনিটে সে এলাকায় ঘোরাফেরা করছিল। কিন্তু এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি।
নিখোঁজ রিয়াদের গায়ের রং ফর্সা এবং তার উচ্চতা আনুমানিক ৪ ফুট বা তার কিছু বেশি। আদরের সন্তানকে ফিরে পেতে পাগলপ্রায় বাবা-মা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি রিয়াদের সন্ধান পেয়ে থাকেন, তবে দ্রুত স্থানীয় থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। একটি সাজানো গোছানো সুখী পরিবার এখন কেবল তাদের সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে।