১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৪:৩৫ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর কাছে দুর্গা পূজার ছুটি ৩ দিন করার দাবি পূজা উদযাপন পরিষদের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০২ ১৭:৩৭:২৫
প্রধানমন্ত্রীর কাছে দুর্গা পূজার ছুটি ৩ দিন করার দাবি পূজা উদযাপন পরিষদের ছবি: সংগৃহীত


বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি কমপক্ষে তিন দিন করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

সন্তোষ শর্মা জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের প্রতিটি সংকটের কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।”

সাক্ষাৎকালে পরিষদের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে প্রধান দাবি ছিল দুর্গাপূজার সরকারি ছুটি বৃদ্ধি করা। এ ছাড়া গত ৫ আগস্টের পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলাগুলো দ্রুত প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সংখ্যালঘুদের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানান পরিষদের নেতারা।

সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের জেরে হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া হত্যাকাণ্ড, লুটপাট ও মঠ-মন্দির ভাঙচুরের বিচার নিশ্চিত করার দাবি জানানো হলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে পর্যায়ক্রমে বিচারকার্য সম্পন্ন করা হবে।

বৈঠকে পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী ও পূজা উদযাপন পরিষদের এই আলোচনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।