১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫১:২৩ অপরাহ্ন


সিরিয়ালের চিত্রনাট্যেই ছিলো পানিতে ডুবে রাহুলের মৃত্যু, বাস্তবেও হল তাই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০২ ১৬:৩২:০৬
সিরিয়ালের চিত্রনাট্যেই ছিলো পানিতে ডুবে রাহুলের মৃত্যু, বাস্তবেও হল তাই ছবি: সংগৃহীত


শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পাঁচ দিন পার হলেও রহস্যের জট আরও ঘনীভূত হচ্ছে। টলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছে যে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মূল চিত্রনাট্য অনুযায়ীই নায়ক ‘উজান’-এর জলে ডুবে মৃত্যুর দৃশ্য ধারণ করা হচ্ছিল। অভিযোগ উঠেছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই দৃশ্যটি ধারণের সময় শুটিং স্পটে পর্যাপ্ত ডুবুরি বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এমনকি স্থানীয় প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি।

তবে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ শুরু থেকেই দাবি করছে যে, গভীর জলে নামার কোনো দৃশ্য চিত্রনাট্যে ছিল না এবং রাহুল নিজেই উৎসাহী হয়ে জলে নেমেছিলেন। বিপরীতে, সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে তারা দুজনেই দৃশ্যটির জন্য গভীর জলে গিয়েছিলেন। এদিকে টলিপাড়ায় আরও একটি তত্ত্ব ঘুরছে যে, গল্পের মোড় ঘোরাতেই নায়কের মৃত্যুর ট্র্যাক আগে থেকে সাজানো হয়েছিল। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে মহিলা কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে পুলিশি তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসার অপেক্ষায় রয়েছেন ভক্ত ও সহকর্মীরা।