১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫০:২১ অপরাহ্ন


অবশেষে চূড়ান্ত হল বিশ্বকাপের ৪৮ দল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৫:০৫:৪৪
অবশেষে চূড়ান্ত হল বিশ্বকাপের ৪৮ দল ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮টি দলের চূড়ান্ত তালিকা ও গ্রুপ বিন্যাস সম্পন্ন হয়েছে। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিতব্য এই আসরের শেষ টিকিটটি নিশ্চিত করেছে ইরাক। দীর্ঘ ৪০ বছর পর ইরাক এবং ৫২ বছর পর কঙ্গোর বিশ্বমঞ্চে ফেরা ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। তবে ফুটবল বিশ্বকে বড় ধাক্কা দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চারটি নতুন দেশ—কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান। ১২টি গ্রুপের বিন্যাসে বেশ কিছু রোমাঞ্চকর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ‘সি’ গ্রুপে লড়বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ‘কে’ গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গী হয়েছে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।

স্বাগতিক তিন দেশ মেক্সিকো (গ্রুপ এ), কানাডা (গ্রুপ বি) এবং যুক্তরাষ্ট্র (গ্রুপ ডি) নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামবে। ইউরোপীয় পরাশক্তিদের মধ্যে জার্মানি ‘ই’ গ্রুপে, স্পেন ‘এইচ’ গ্রুপে এবং ইংল্যান্ড ‘এল’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ইতিহাসের বৃহত্তম এই ফুটবল মহাযজ্ঞের অপেক্ষায় এখন পুরো বিশ্ব।