ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির এক শিক্ষার্থীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকাল ও ভোরে দাউদকান্দি, বুড়িচং এবং চান্দিনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দির বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজি যাত্রী আব্দুল বারেক (৫৩) ও মোস্তফা (৫২) নিহত হন। অন্যদিকে, বুড়িচংয়ের নিমসার বাজারে দুই ট্রাকের সংঘর্ষে চালক জহিরুল ইসলাম (২৭) ও সোহেল রানা (৩৫) প্রাণ হারান। এছাড়া চান্দিনার কাঠেরপুল এলাকায় লরি চাপায় স্থানীয় স্কুলছাত্র তাইম নিহত হয়।
হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।