ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) সংসদ অধিবেশনে ‘গণভোট’ ও ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার শুরুতে তিনি এই দাবি করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে সম্বোধন করে ডা. শফিকুর রহমান বলেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা। আমিও একটি ক্ষুদ্র শহীদ পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।”
সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও মানুষের প্রত্যাশিত পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি। এর আগেও বিভিন্ন সময় তিনি নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিলেও জাতীয় সংসদের ফ্লোরে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে এই দাবি করলেন। স্বাধীনতার দীর্ঘ সময় পর জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।