১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:০৯:৩৩ অপরাহ্ন


শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাসের প্রাথমিক সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৮:২৪:১৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাসের প্রাথমিক সিদ্ধান্ত ছবি: সংগৃহীত


বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে সপ্তাহে ৩ দিন অনলাইনে এবং বাকি ৩ দিন সশরীরে (অফলাইন) ক্লাস নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এই পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে মোট ৬ দিনই শিক্ষা কার্যক্রম চলবে। এর মধ্যে জোড় ও বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করা হবে। তবে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসগুলো অবশ্যই সশরীরে বা অফলাইনে নিতে হবে। বিশেষ বিষয় হলো, অনলাইনে ক্লাস নেওয়ার দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মতবিনিময় সভায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর এই প্রস্তাবনাটি সামনে আসে। তবে এই নিয়মটি কি সারা দেশের জন্য প্রযোজ্য হবে নাকি শুধু রাজধানীসহ শহরাঞ্চলের জন্য, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাবিত সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিতে আগামীকাল বুধবার (১ এপ্রিল) একটি জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনার পর বিস্তারিত রূপরেখা ও বাস্তবায়নের তারিখ ঘোষণা করা হতে পারে। কোনো সমস্যা দেখা দিলে পরবর্তীতে এই সিদ্ধান্তে সংশোধনী আনা হবে বলেও জানানো হয়েছে। মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করে শিক্ষা কার্যক্রম সচল রাখাই এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য।