১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:১৯:১৫ অপরাহ্ন


হাজার কোটি টাকার প্রকল্পের ফলাফলের দিকে দেশবাসী তাকিয়ে আছে: পানিসম্পদ মন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৬:৪৫:০৫
হাজার কোটি টাকার প্রকল্পের ফলাফলের দিকে দেশবাসী তাকিয়ে আছে: পানিসম্পদ মন্ত্রী ছবি: সংগৃহীত


পানিসম্পদ মন্ত্রণালয়ের কোনো প্রকল্পে বিন্দুমাত্র দুর্নীতি বা অর্থ লুটপাট বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, "হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে আমরা দেশকে কতটুকু দিতে পারছি, তার দিকে দেশবাসী তাকিয়ে আছে। এই সরকারের আমলে প্রকল্পের টাকা লুটের কোনো সুযোগ নেই।" দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, জুলাই আন্দোলন এবং অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, তাই জনস্বার্থের পরিপন্থী কোনো কাজ এখানে হবে না।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৯৮১ সাল পর্যন্ত চলমান খাল খনন কর্মসূচির আদলেই এই বিশাল কর্মযজ্ঞ পুনরায় শুরু হতে যাচ্ছে। তবে প্রকল্প বাস্তবায়নে সঠিক খাল বাছাই এবং দক্ষ লোকবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমন্বয় না থাকলে কোনো লক্ষ্যই পূরণ সম্ভব নয়।

নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, পানি সংরক্ষণ ও দূষণ রোধে দেশবাসীকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।