১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৪১:৫০ অপরাহ্ন


ছেলেকে লেখা রাহুলের চিঠিতে ভক্তদের চোখে অশ্রু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৭:৪০:০৭
ছেলেকে লেখা রাহুলের চিঠিতে ভক্তদের চোখে অশ্রু ছবি: সংগৃহীত


প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি পুরোনো চিঠি নতুন করে ভাইরাল হয়েছে। ২০২১ সালের 'বাবা দিবসে' ছেলে সহজকে উদ্দেশ্য করে লেখা এই আবেগঘন চিঠিটি এখন ভক্তদের চোখে জল আনছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রসহ অনেকেই এটি শেয়ার করেছেন, যা বর্তমানে শোকাতুর নেটিজেনদের কাছে এক বাবার অসামান্য জীবনদর্শনের দলিল হয়ে উঠেছে।

চিঠিতে রাহুল তাঁর ও প্রিয়াঙ্কার শুরুর দিনগুলোর সংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, কীভাবে ১৪ বছরের এক কিশোরী এবং ২১ বছরের এক তরুণ অপমান সয়ে এই ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করে নিয়েছিলেন। ছেলেকে তিনি উপদেশ দিয়েছেন যেন ভবিষ্যতে এই অঙ্গনে কাজ করলে সাধারণ মানুষকে যথাযথ সম্মান দেন এবং ক্ষমতা বা উপার্জনের মাপকাঠিতে কাউকে বিচার না করেন।

সন্তান জন্মের সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে রাহুল তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার ত্যাগের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কাকে নিয়ে হওয়া নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি ছেলেকে লিখেছেন, "মায়ের পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে সন্তানরা তা দেখতে পায় না, মায়েরা লুকিয়ে রাখেন।" তিনি সহজকে মায়ের সেই ক্ষতগুলোর শুশ্রূষা করার অনুরোধ জানিয়েছেন।

চিঠির শেষে রাহুল নিজের 'পৈতৃক সম্পত্তি' হিসেবে ছেলেকে দিয়েছেন পাহাড়, নদী, জঙ্গল, বইমেলার ধুলো আর নিজের প্রিয় বাংলা ভাষা। গতকাল দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে রাহুলের মর্মান্তিক মৃত্যুর পর এই চিঠিটি যেন তাঁর শেষ আক্ষেপ ও ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। তাঁর এই লেখাটি এখন অনুরাগী ও সহকর্মীদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে।