১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৫:৪২ পূর্বাহ্ন


ডিজিএফআইয়ের নাছেরের রিমান্ড চায় ডিবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৬:০৮:২২
ডিজিএফআইয়ের নাছেরের রিমান্ড চায় ডিবি ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরের দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআই-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (৩০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। এর আগে রোববার দিবাগত রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, একই মামলায় গ্রেপ্তার হওয়া ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং মানব পাচার মামলায় রিমান্ডে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে দেলোয়ার হোসেনকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আফজাল নাছেরের বিরুদ্ধে ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ একাধিক জ্যেষ্ঠ রাজনীতিক ও ব্যবসায়ীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। ১৯৮৪ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিজিএফআই-এর গুরুত্বপূর্ণ পরিচালক পদে আসীন ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।