১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৭:৪৮ অপরাহ্ন


স্বাস্থ্যমন্ত্রীকে সরকারি ছুটিতেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশনা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৯:৪১:১৮
স্বাস্থ্যমন্ত্রীকে সরকারি ছুটিতেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশনা প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত


জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ছুটির দিনেও নিয়মিত হাসপাতাল পরিদর্শনের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৯ মার্চ) সকালে সরকারি দলের সংসদীয় সভার বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

এদিকে, ১৩ দিনের বিরতি কাটিয়ে আজ বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনকে সামনে রেখে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা পৃথক পৃথক বৈঠক করেন।

সরকারি দলের বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, বৈঠকে বহুল আলোচিত ‘জুলাই সনদ’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে এবং সংবিধান সংশোধন সাপেক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে সজাগ থাকার আহ্বান জানান। আজ থেকে শুরু হওয়া এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল ও রাষ্ট্রীয় ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।