১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:০২:৫২ পূর্বাহ্ন


হামের টিকাদানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ সরকারের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৫:৫১:৫০
হামের টিকাদানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ সরকারের ছবি: সংগৃহীত


দেশে হামের (মিজেলস) প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রমের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আজ রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত আট বছর দেশে হামের কোনো বিশেষ টিকাদান কর্মসূচি না হওয়ায় রোগীর সংখ্যা বেড়েছে। ইতোমধ্যে পারচেজ কমিটি এই বরাদ্দের অনুমোদন দিয়েছে এবং দ্রুতই ভ্যাকসিন সংগ্রহের কাজ শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও রাজধানীর বস্তি এলাকাগুলোতে হামের প্রকোপ ছড়িয়ে পড়ে। বর্তমানে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন স্থানে আইসিইউ এবং ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট কাটাতে পাঁচটি ভেন্টিলেটর পাঠানো হচ্ছে এবং দেশীয় প্রতিষ্ঠানগুলো থেকে আরও ১২টি ভেন্টিলেটর পাওয়ার প্রক্রিয়া চলছে। মূলত শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে নিয়মিত ডোজের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।