আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল শনিবার (২৮ মার্চ) মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কেন্দ্রসচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনাগুলো আবশ্যিকভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সচল সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে এবং ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী কেন্দ্রে মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে ভালোভাবে তল্লাশি করতে হবে, যেখানে ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা তল্লাশি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে অ্যানালগ ঘড়ি টাঙানো, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং যথাযথ আলো-বাতাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি স্পষ্ট জানিয়েছে, আসন্ন পরীক্ষায় যেকোনো অনিয়ম রোধে সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। এসব নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদর্শনের ব্যবস্থাও করতে বলা হয়েছে।