১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:৫৬:৩৪ অপরাহ্ন


ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশনা মন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৪:৪৮:৪২
ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশনা মন্ত্রীর ছবি: সংগৃহীত


নৌ-দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন উপদেষ্টা শেখ রবিউল আলম। এখন থেকে কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না; ফেরিতে ওঠার আগেই শতভাগ যাত্রীকে বাস থেকে নেমে যেতে হবে। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভা শেষে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা জানান, যাত্রীনিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ফেরিতে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। অনেক সময় ঢেউয়ের কবলে পড়ে বা গাড়ি ওঠানামার সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে, যা রেলিং স্থাপনের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে। তিনি স্পষ্ট করে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা দিতে সরকার দায়বদ্ধ এবং বড় ধরনের প্রাণহানি রোধ করতেই যাত্রীদের নামিয়ে খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে পালন করা হবে।

সচিবালয়ের এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নির্দেশনার ফলে ফেরিঘাটগুলোতে জননিরাপত্তা আরও জোরদার হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত নৌ-পথে বড় দুর্ঘটনা এড়াতে কার্যকর ভূমিকা রাখবে।