১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:২৮ অপরাহ্ন


ভূমধ্যসাগরে নৌকাডুবিতে পাচারকারী চক্রকে খুঁজে বের করার নির্দেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৪:৩১:২৩
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে পাচারকারী চক্রকে খুঁজে বের করার নির্দেশ ছবি: সংগৃহীত


লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় খাবার ও পানির অভাবে কমপক্ষে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৬ জনকে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে সুনামগঞ্জের অন্তত ১০ জন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রবিবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, উদ্ধারকৃতদের মধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের একটি ক্যাম্পে রাখা হয়েছে। গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পাচারকারীরা নারী ও শিশুদেরও এই বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে, যা অত্যন্ত অমানবিক। জীবিতদের পরিচয় নিশ্চিত করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এই ঘটনার পেছনে বাংলাদেশ ও লিবিয়ায় সক্রিয় একটি আন্তর্জাতিক শক্তিশালী মানবপাচার চক্র জড়িত। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দীর্ঘমেয়াদে মানবপাচার বন্ধে স্থায়ী সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে।