১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:৫৫:৫৫ অপরাহ্ন


জ্বালানি তেল মজুত ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ২০:৩০:৪৭
জ্বালানি তেল মজুত ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরিকারী মজুতদার ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, জনস্বার্থে সরকার তেলের দাম না বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার সুযোগ নিয়ে কেউ অবৈধ মজুত করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশ তেলের দাম বাড়ালেও বাংলাদেশ বিশেষ করে কৃষকদের কথা বিবেচনা করে দাম অপরিবর্তিত রেখেছে। তবে সীমান্ত দিয়ে তেল পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয় এবং স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। আগামীকাল রোববার দুপুরে সরকারি দল আবারও বৈঠকে বসবে।