১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৯:২৮ অপরাহ্ন


সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ২০:০১:৩৪
সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে বিভ্রাটের ঘটনা তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি মূলত দুটি বিষয় খতিয়ে দেখবে—এই গোলযোগের পেছনে কোনো পরিকল্পিত অন্তর্ঘাত (সাবোটাজ) আছে কি না এবং সাউন্ড সিস্টেমের প্রকৃত কারিগরি ত্রুটি কী। নিরপেক্ষ মূল্যায়নের জন্য বুয়েট থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ উদ্বোধনী দিনেই শব্দযন্ত্রের সমস্যার কারণে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল।

এছাড়া সংসদ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ব্যবহৃত বড় আকৃতির অস্বস্তিকর হেডফোনগুলো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সংসদ কমিটি। চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।