১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৫:৫১ পূর্বাহ্ন


পরবর্তী টার্গেট হিসেবে যে দেশের নাম বললেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৮:০৫:২৩
পরবর্তী টার্গেট হিসেবে যে দেশের নাম বললেন ট্রাম্প ছবি: সংগৃহীত


মিয়ামিতে অনুষ্ঠিত সৌদি বিনিয়োগ ফোরামে এক বিস্ফোরক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সাফল্য তুলে ধরার পাশাপাশি কিউবাকে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক পদক্ষেপের কারণেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি এবং দেশটির কয়েক দশকের দাপট এখন বিলুপ্ত। তেহরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে তাদের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আঘাত না করলে ইরান দ্রুতই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতো।

বক্তব্যে ট্রাম্প ন্যাটোর কঠোর সমালোচনা করে জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা ওয়াশিংটনকে সহায়তা করেনি। পাশাপাশি সৌদি আরবের নেতৃত্বের প্রতি কিছুটা কটাক্ষ করে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পূর্বের ধারণাকে ভুল প্রমাণ করার দাবি করেন। ট্রাম্পের মতে, বিশ্ব এখন যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ইরানের পর এবার কিউবার পালা উল্লেখ করে তিনি দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলকে চুক্তিতে আসার চাপ দেন এবং কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান।

যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল থাকলেও মার্কিন অর্থনীতি দ্রুত চাঙ্গা হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি রকেটের গতিতে এগোবে। তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির আরও অবনতি হতে পারত কিন্তু তার প্রশাসনের কৌশলী পদক্ষেপ তা হতে দেয়নি।