১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৫:৫১ পূর্বাহ্ন


র‍্যাবের ডি‌জি হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌লেন আহসান হাবীব পলাশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৪:৫২:২১
র‍্যাবের ডি‌জি হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌লেন আহসান হাবীব পলাশ ছবি: সংগৃহীত


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) তিনি বিদায়ী ডিজি এ কে এম শাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হন।

বিসিএস ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া আহসান হাবীব পলাশ তার দীর্ঘ কর্মজীবনে ডিএমপি, সিএমপি এবং পিবিআইসহ বিভিন্ন ইউনিটে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বেশ কয়েকটি দেশে সফলতার সাথে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা তার কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন শিক্ষার্থী উচ্চতর প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ সফর করেছেন।