১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:৫৮ অপরাহ্ন


একাত্তরের'অপারেশন সার্চলাইট'কে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা মনে করে ভারত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৪:৪২:০০
একাত্তরের'অপারেশন সার্চলাইট'কে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা মনে করে ভারত ছবি: সংগৃহীত


একাত্তরে বাংলাদেশের মাটিতে সংঘটিত ভয়াবহ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ও দীর্ঘ প্রতীক্ষিত বিচারের প্রতি নিজেদের জোরালো সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো 'অপারেশন সার্চলাইট'-কে মানব ইতিহাসের অন্যতম জঘন্য এবং সুপরিকল্পিত গণহত্যা হিসেবে অভিহিত করা হয়।

বিবৃতিতে নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে, অর্ধশতাব্দী আগে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের প্রাণহানি এবং অসংখ্য নারীর ওপর চালানো অমানুষিক ও পাশবিক নির্যাতনের সেই গভীর ক্ষত আজও বিশ্ববিবেককে দারুণভাবে নাড়া দেয়। ভারত সরকার মনে করে, পাকিস্তান আজ পর্যন্ত তাদের এই ঐতিহাসিক অপরাধ ও পৈশাচিকতার কথা অস্বীকার করে আসছে, যা অত্যন্ত দুঃখজনক এবং ন্যায়বিচারের পরিপন্থী।

নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ১৯৭১ সালের সেই ভয়াবহ নৃশংসতা কোটি কোটি মানুষকে ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছিল। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ২৫শে মার্চকে 'গণহত্যা দিবস' হিসেবে পালন ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, ভারত তার সঙ্গে পূর্ণ একাত্মতা পোষণ করে। ন্যায়বিচার পাওয়ার এই দীর্ঘ লড়াইয়ে ঢাকা ও বাংলাদেশের জনগণের পাশে ভারত অটল ও অবিচল থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫শে মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করতে যে পৈশাচিক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, প্রতি বছর সেই দিনটিকে 'গণহত্যা দিবস' হিসেবে পালন করে বাংলাদেশ। ভারতের এই অকুণ্ঠ সমর্থন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই দাবির যৌক্তিকতাকে আরও শক্তিশালী করল বলে মনে করছেন বিশ্লেষকরা।