১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:০২:৪৭ পূর্বাহ্ন


পদ্মায় বাসডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৬ ১৩:০৯:২৮
পদ্মায় বাসডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ ছবি: সংগৃহীত


রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন দিয়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই প্রায় ৪০ জন যাত্রী নিয়ে নদীর ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন অভিজ্ঞ ডুবুরি। তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা।

উদ্ধার অভিযানের শুরুতে গতকাল বিকেলে তাৎক্ষণিকভাবে দুইজনের মরদেহ পাওয়া গেলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে ছিলেন। দীর্ঘ সময় চেষ্টার পর বুধবার রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় ডুবে যাওয়া বাসটি নদী থেকে টেনে তোলা হয়। বাসটি উপরে তোলার পর ভেতর থেকে আরও মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, তীব্র স্রোত এবং পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

এদিকে উদ্ধারকৃতদের অধিকাংশের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরদেহগুলো একে একে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। প্রিয়জনকে হারিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় স্বজনদের আহাজারিতে এক হূদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ আর কেউ আছে কি না তা নিশ্চিত করতে এখনো তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।