১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:২৫ অপরাহ্ন


ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, বহু হতাহতের শঙ্কা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৮:৪৭:৫৮
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, বহু হতাহতের শঙ্কা ছবি: সংগৃহীত


রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ মার্চ, ২০২৬) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ পন্টুন থেকে ছিটকে নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই ৫-৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল কাজ করছে।