১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৪৪:৩৭ পূর্বাহ্ন


সংবাদমাধ্যমের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৬:২১:২৮
সংবাদমাধ্যমের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি: তথ্যমন্ত্রী ছবি: সংগৃহীত


বর্তমানে প্রচলিত সংবাদ মাধ্যমের চেয়েও একজন ইউটিউবারের প্রভাব ও পরিধি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (২৫ মার্চ, ২০২৬) সচিবালয়ে বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বিশ্বজুড়ে গণমাধ্যমের এই কাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরেন।

তথ্যমন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত বিকাশের ফলে অনলাইন নিউজ পোর্টাল এবং আইপি টিভির মতো প্ল্যাটফর্মগুলো এখন সমাজের অবিচ্ছেদ্য অংশ। তবে এসব মাধ্যমকে প্রচলিত পুরোনো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, যা বর্তমানে কৌশলগতভাবে বিবেচনা করা প্রয়োজন। গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বা অপসারণ মালিকপক্ষের সিদ্ধান্ত হলেও কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা তথ্য মন্ত্রণালয়ের নৈতিক দায়িত্ব।

গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানে মন্ত্রী খণ্ডিত কোনো আলোচনার পরিবর্তে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন। আধুনিক এই ডিজিটাল বাস্তবতায় গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।