১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৭:৪৬ পূর্বাহ্ন


জুনের মধ্যে ১৩০ কোটি ডলার পাওয়া যেতে পারে : অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৪:০৪:৩৬
জুনের মধ্যে ১৩০ কোটি ডলার পাওয়া যেতে পারে : অর্থমন্ত্রী ছবি: সংগৃহীত


আর্থিক খাতের স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের চলমান কর্মসূচি সঠিক পথেই রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

অর্থমন্ত্রী স্বীকার করেন যে, দায়িত্ব নেওয়ার পর তারা ব্যাংকিং খাত ও শেয়ারবাজারসহ অর্থনীতির একটি ভঙ্গুর অবস্থা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এই সংকট কাটাতে সরকার ব্যবসা সহজীকরণ এবং কর-জিডিপি হার বাড়ানোর মতো সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, অর্থাভাবে স্থগিত হয়ে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে, যার প্রতিফলন আগামী বাজেটে দেখা যাবে। আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আলোচনা চলছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে প্রায় ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে আইএমএফ প্রতিনিধি কৃষ্ণা শ্রীনিবাসন জানান, বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। আগামী এপ্রিলে ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠকে এই অর্থায়ন ও নীতিগত সংস্কারের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।