১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৬:২৪ অপরাহ্ন


টোকিওতে ‘ঋষি’ সম্মাননায় ভূষিত ড. ইউনূস: আকি আবের সাথে সাক্ষাৎ ও ‘তিন-শূন্য’ তত্ত্বের উপস্থাপনা
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ২১:০২:০৭
টোকিওতে ‘ঋষি’ সম্মাননায় ভূষিত ড. ইউনূস: আকি আবের সাথে সাক্ষাৎ ও ‘তিন-শূন্য’ তত্ত্বের উপস্থাপনা অনুষ্ঠানে ইউনূসকে ‘ঋষি’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।


জাপানের রাজধানী টোকিওতে মর্যাদাপূর্ণ ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ আয়োজিত এক আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) ‘হারমনি বাই ডিজাইন: এশিয়া ডায়ালগ’ শীর্ষক এই অনুষ্ঠানে তাকেসহ এশিয়ার চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক নেতাদের সাথে সম্মাননা ভাগ

সংলাপে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চুয়ান লিকপাই, ইন্দোনেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান উইরাজুদা এবং শ্রীলঙ্কার হর্ষ কুমারার পাশাপাশি ড. ইউনূসকেও ‘ঋষি’ (Sage) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে ড. ইউনূস তার বহুল আলোচিত ‘তিন-শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ) কেন্দ্রিক আইডিয়া বিশ্ব নেতাদের সামনে পুনরায় তুলে ধরেন।


আকি আবের সাথে সাক্ষাৎ

সফরকালে ড. ইউনূস জাপানের সাবেক ফার্স্ট লেডি আকি আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উপহার বিনিময় করেন। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে আকি আবে যখন ঢাকায় ড. ইউনূসের সাথে দেখা করেছিলেন, তখনই তিনি এই মার্চ মাসে জাপান সফরের পরিকল্পনা ব্যক্ত করেছিলেন। মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে একটি যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নিতেই তার এই সফর।

সফর নিয়ে বিতর্ক ও প্রেক্ষাপট

ড. ইউনূসের এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন (আগস্ট ২০২৪ - ফেব্রুয়ারি ২০২৬) তার বারবার বিদেশ সফর নিয়ে রাজনৈতিক মহলে বেশ সমালোচনা হয়েছিল। নিন্দুকদের মতে, সেসব সফর দ্বিপাক্ষিক সফলতার চেয়ে ব্যক্তিগত উদ্দেশ্যেই বেশি ছিল। তবে দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে এই জাপান সফরটি ড. ইউনূসের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে বেশ গুরুত্বপূর্ণ।