১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:১৪ অপরাহ্ন


বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৪:৫৭:১৫
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত


বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্টের সুবিধার্থে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঋণ সুবিধাটি মূলত প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে যাতে শিক্ষার্থীরা আর্থিক জটিলতা কাটিয়ে সহজেই কোরিয়া, জাপান, চীন বা জার্মানির মতো দেশগুলোতে পাড়ি জমাতে পারেন।

ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এই ফলোআপ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষার্থীদের ঋণের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর ফলে বাংলাদেশের শ্রমবাজারে প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, মধ্যপ্রাচ্যের সংকটে শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী বরাবরের মতোই কর্মীদের ভাষা শেখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী মনে করেন, শুধুমাত্র ভাষার দক্ষতা না থাকায় আমাদের কর্মীরা কাঙ্ক্ষিত বেতন পান না; তাই থার্ড ল্যাঙ্গুয়েজ বা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে বিদেশে গেলে তারা আরও ভালো মানের কর্মসংস্থান ও উচ্চ বেতনের সুযোগ পাবেন।