রাজধানীর শাহজাদপুরে নিজের পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) ভোরে শাহজাদপুরের একটি ভাড়া বাসায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিঃসন্তান বন্যা কস্তা তাঁর পোষা বিড়ালটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে বিড়ালটিকে ঘরে না পেয়ে তিনি খুঁজতে খুঁজতে তিনতলা ভবনের ছাদে চলে যান। সেখানে গিয়ে দেখতে পান বিড়ালটি ছাদের কার্নিশের একটি ঝুঁকিপূর্ণ জায়গায় আটকে আছে। প্রিয় প্রাণীটিকে উদ্ধার করতে গিয়ে অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বন্যার ফুফু লাভলী কস্তা জানান, বিড়ালটির প্রতি বন্যার ছিল অগাধ মমতা, আর সেই মমতার কারণেই আজ তাঁকে অকালে প্রাণ হারাতে হলো। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন যে, যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে বন্যার মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে এবং স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।