১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:৫৩:৫৪ অপরাহ্ন


চেলসি নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২২ ১৮:২৫:৫৩
চেলসি নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত


বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করার মতো এক অনন্য সুযোগ এসেছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সামনে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাইমা রহমান একজন দক্ষ গোলরক্ষক হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির নারী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে পড়াশোনা বা পারিবারিক অন্য কোনো কারণে শেষ পর্যন্ত ফুটবলের সেই পেশাদার ক্যারিয়ারে আর থিতু হওয়া হয়নি তাঁর।

সাক্ষাৎকারে আমিনুল হক জানান, লন্ডনে প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপচারিতায় উঠে আসে জাইমা রহমান ও তাঁর মা ডা. জুবাইদা রহমানের খেলাধুলার প্রতি অগাধ ভালোবাসার কথা। এমনকি প্রধানমন্ত্রী নিজেও মজা করে প্রতিমন্ত্রীকে বলেছিলেন যে, তিনি নিজে যতটুকু খেলাধুলা পছন্দ করেন, তাঁর স্ত্রী ও কন্যা তার চেয়ে হাজার গুণ বেশি ক্রীড়াপ্রেমী। জাইমা রহমান গোলরক্ষক হিসেবে চেলসির মতো বড় ক্লাবের নজরে এসেছিলেন এবং সেখানে ট্রায়ালের পর সুযোগও পেয়েছিলেন।

তবে ব্যক্তিগত পছন্দের জায়গায় জাইমা রহমান চেলসির চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় ভক্ত বলে জানান আমিনুল হক। প্রতিমন্ত্রীর মতে, ফুটবলের প্রতি এই গভীর অনুরাগ প্রধানমন্ত্রীর পরিবারের ক্রীড়াবান্ধব মানসিকতারই বহিঃপ্রকাশ। পেশাদার ফুটবলার না হলেও জাইমা রহমানের এই অর্জন ক্রীড়াঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।