১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৩৯ অপরাহ্ন


প্রয়োজনে বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবি প্রধান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২২ ১৭:১৭:২৯
প্রয়োজনে বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবি প্রধান ছবি: সংগৃহীত


রমজান ও ঈদে অর্থ ও পণ্য পরিবহনে সহায়তার পর এবার বিয়েবাড়ির মূল্যবান গয়না বা অলঙ্কার স্থানান্তরের ক্ষেত্রেও নিরাপত্তামূলক সেবা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আজ দুপুরে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, ঈদের পর রাজধানীতে অনেক বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এক্ষেত্রে কোনো পরিবার যদি হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গয়না নেওয়ার সময় নিরাপত্তা প্রয়োজন মনে করে, তবে নিকটবর্তী থানায় যোগাযোগ করলে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।

রাজধানী বর্তমানে অনেকটা ফাঁকা থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন ডিবি প্রধান। তিনি জানান, পুলিশের একটি অংশ ছুটিতে থাকলেও পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন রয়েছে। ডিএমপি কমিশনার নিজেই নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। দিন ও রাত মিলিয়ে ডিবির প্রায় ১২০টি টিম সার্বক্ষণিক টহলে নিয়োজিত আছে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদানের জন্য অতিরিক্ত দুটি বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

ডিবি প্রধান আরও উল্লেখ করেন যে, ঈদের সময় মূল্যবান সামগ্রী বা স্বর্ণালঙ্কার থানায় গচ্ছিত রাখার যে আহ্বান জানানো হয়েছিল, নাগরিকরা চাইলে এখনও সেই সুযোগ নিতে পারেন অথবা ব্যাংকের ভল্ট ব্যবহার করতে পারেন। ঈদে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আগামী দিনগুলোতেও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।