১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:৩৩ অপরাহ্ন


২৬ মার্চ ভোর ৫ টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২২ ১৬:৩২:২৮
২৬ মার্চ ভোর ৫ টায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার ভোর ৫টায় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করবেন। আজ রোববার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

স্বাধীনতা দিবসকে ঘিরে বিএনপি দুই দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। ২৬ মার্চ ভোরে নয়াপল্টনসহ দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।

সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানানো হয়।