কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে মর্মান্তিক ট্রেন-বাস দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে সরকার। আজ রোববার (২২ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, এই দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে।
সহায়তার পাশাপাশি প্রতিমন্ত্রী জানান, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলেও তিনি নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘটনার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন, তাদের সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।