১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৩:৫৩ অপরাহ্ন


রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২২ ১৪:৫৫:২১
রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আজ রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।

আদালতে প্রবেশের সময় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সাংবাদিকদের কাছে হাদি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত পার হয়ে তারা পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিলেন এবং পুনরায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশারোহী হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় করা হত্যা মামলায় ফয়সাল ও আলমগীর প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত।