১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০০:৪৯ অপরাহ্ন


গায়ে বিড়ির ধোঁয়া দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ: আহত ৭
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২০ ২১:২২:৪৬
গায়ে বিড়ির ধোঁয়া দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ: আহত ৭


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গায়ে বিড়ির ধোঁয়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ, ২০২৬) বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে। সেখানে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি পান করছিলেন। এক পর্যায়ে বিড়ির ধোঁয়া ছাবিদ মিয়ার গায়ে লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ইফতারের আগ মুহূর্তে এই উত্তেজনা চরমে পৌঁছায় এবং উভয় পক্ষই নিজ নিজ গোষ্ঠীর লোকজনকে খবর দেয়।

ইফতারের আগে রণক্ষেত্র

বিকেলের সেই বিবাদকে কেন্দ্র করে ইফতারের ঠিক আগ মুহূর্তে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজিরা বাড়িতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুই পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ইফতারের ঠিক আগ মুহূর্তে খবর পেয়ে আমরা দ্রুত পর্যাপ্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ট্রেন্ড নিউস বিডি/কুবলাই