১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৪:০৭ অপরাহ্ন


ঈদযাত্রায় স্বস্তি: যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিচ্ছে মন্ত্রণালয়
সংসদীয় প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ২২:২০:৪৫
ঈদযাত্রায় স্বস্তি: যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিচ্ছে মন্ত্রণালয়


আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ, ২০২৬) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে কেবল জরিমানাই করা হচ্ছে না, বরং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকাও তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হচ্ছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে জানান, রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী এবং সায়েদাবাদ এলাকায় ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে।

সায়েদাবাদ ও ধোলাইপাড়: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪টি পরিবহনকে ১৩ হাজার এবং সায়েদাবাদে ৩টি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখান থেকেই যাত্রীদের বাড়তি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

গুলিস্তান ও ফুলবাড়িয়া: অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে জরিমানা করা হয়েছে।

আব্দুল্লাহপুর: ভাড়ার তালিকা না রাখা ও বাড়তি টাকা নেওয়ায় দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাবতলী ও ঢাকার বাইরে পরিস্থিতি

গাবতলী, কল্যাণপুর ও সাভার এলাকায় যাত্রীচাপ কমতে শুরু করলেও তদারকি অব্যাহত রয়েছে। সেখানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড়, টাঙ্গাইলের এলেঙ্গা, বরিশাল এবং খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে কয়েক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে খুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।

স্বাভাবিক হচ্ছে যাত্রা পরিস্থিতি

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এই অভিযান ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। বর্তমানে দেশের বেশিরভাগ স্থানে যান চলাচল ও যাত্রী পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।

ট্রেন্ড নিউস বিডি/জুলফিকার