১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৩:৪২ অপরাহ্ন


তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ২২:১২:২৭
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ছবি: সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো ওই পত্রে নরেন্দ্র মোদি লিখেছেন, "মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।"

শুভেচ্ছাবার্তায় মোদি উল্লেখ করেন যে, গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে পুণ্যময় সময় অতিবাহিত করেছেন। তিনি আরও বলেন, "ঈদুল ফিতরের এই উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মানবিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে প্রতিটি মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।"

চিঠির শেষে ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তার সর্বোচ্চ সম্মানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।